DISCLAIMER: This content, including text and images, is published exclusively for this site under copyright regulations. You may not copy, reproduce, or distribute any part of this material to any other platform or person without explicit written permission. Failure to comply may result in legal action for copyright infringement pursuant to Section 107 of the Copyright Act 1976 and relevant digital platform policies.
একসময়ের আলোচিত ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি স্ট্রোক এবং পরে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাঁর শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শিল্পীর বন্ধু কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক এসব তথ্য জানিয়েছেন।
এরশাদুল হক জানান, চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে। গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ট্রোক হয়। এর পর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না তিনি। ফিসফিস করে ও ইশারায় মনের ভাব প্রকাশের চেষ্টা করছেন। এর মধ্যে পরীক্ষায় তাঁর ডেঙ্গুও ধরা পড়ে।
শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ অক্টোবর তাঁকে পুরান ঢাকা গেন্ডারিয়া এলাকার আরেকটি হাসপাতালের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। পরে সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
এরশাদুল হক আরও জানান, সর্বশেষ ডায়ালাইসিসের পরও সাহেদের বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে। তাঁর ডান হাত-পা ফুলে গেছে। ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত ফিস্টুলায় রক্ত জমাট বাঁধায় বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
অসুস্থতার কারণে থমকে গেছে সাহেদের দীর্ঘদিনের একটি গানের আয়োজনও। এরশাদুল হকের ভাষ্য, গত ১১ বছরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন শিল্পী। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহে রাখার জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল। ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উপলক্ষে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। শিল্পীর অসুস্থতার কারণে আয়োজনটি বাতিল করা হয়েছে।
ওই অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লিতে যাওয়ার প্রস্তুতিও ছিল বলে জানান এরশাদুল হক। তাঁর ভাষ্য, দাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে বর্তমান শারীরিক পরিস্থিতিতে সে যাত্রা স্থগিত হয়েছে।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। শিল্পীর দ্রুত সুস্থতার জন্য পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন এরশাদুল হক।